রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬

কুয়াকাটার উপকূল উত্তাল, ঘূর্ণিঝড়ের শঙ্কা; পায়রাসহ চার বন্দরে সতর্কসংকেত

হোম » আবহাওয়া » কুয়াকাটার উপকূল উত্তাল, ঘূর্ণিঝড়ের শঙ্কা; পায়রাসহ চার বন্দরে সতর্কসংকেত
রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬


 

কুয়াকাটার উপকূল উত্তাল, ঘূর্ণিঝড়ের শঙ্কা; পায়রাসহ চার বন্দরে সতর্কসংকেত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আজ রবিবার (২৫ অক্টোবর) সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। একই সময়ে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫, কক্সবাজার থেকে ৭০০ এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণে ছিল। নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ পরিস্থিতিতে পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্কসংকেত ১ দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলের আকাশও কিছুটা মেঘাচ্ছন্ন। তবে এখন পর্যন্ত তেমন কোনো প্রভাব পড়েনি।

 

পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে দূরবর্তী সতর্কসংকেত ১ দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

মহিপুর মৎস্য আড়ত সমবায় মালিক সমিতির সাবেক সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, ‘সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞার কারণে সাগরে কোনো মাছ ধরার ট্রলার নেই। নিষেধাজ্ঞা শেষ হতে আর পাঁচ দিন বাকি। এর মধ্যে আবার আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে।’

বাংলাদেশ সময়: ১৪:৫৪:০৪ ● ৩৬ বার পঠিত