শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬

নেছারাবাদে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হোম » পিরোজপুর » নেছারাবাদে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মো. তানিম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চামি গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত তানিম ওই গ্রামের মো. আয়নাল হকের ছেলে। তিনি পেশায় নলকূপ স্থাপনের কাজ করতেন।

 

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালে নলকূপ স্থাপনের কাজে বাড়ি থেকে বের হন তানিম। পরে সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে ফিরে নতুন ঘরে বসে থাকেন তিনি। এ সময় বাবা আয়নাল হক বাড়ি ফিরে আসার কারণ জানতে চাইলে তানিম জানান, তাঁর শরীর ভালো লাগছে না। পরে তাঁকে বিশ্রাম নিতে বলে ঘর থেকে বেরিয়ে যান বাবা।

 

বিকেল সাড়ে ৩টার দিকে তানিমের কর্মস্থলের মালিক শাহাদাত হোসেন (৫০) তাঁদের বাড়িতে আসেন। পরে আয়নাল হক ও শাহাদাত হোসেন একসঙ্গে তানিমকে ডাকতে নতুন ঘরে যান। একাধিকবার ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খুলে তাঁরা তানিমকে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

 

পরে আয়নাল হকের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁদের সহযোগিতায় তানিমকে নিচে নামিয়ে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় নিহতের বাবা আয়নাল হক আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে নেছারাবাদ থানায় লিখিতভাবে বিষয়টি অবহিত করেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ছেলের মৃত্যু নিয়ে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের কারও কোনো সন্দেহ নেই। তবে তানিমের মৃত্যুর কারণ সম্পর্কে অভিযোগে নিশ্চিতভাবে কিছু উল্লেখ করা হয়নি।

 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তানিমের মরদেহ থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩১:৩২ ● ৩৩ বার পঠিত