শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
আল্লাহর জিকির মুমিনের আত্মিক উন্নতি ও প্রশান্তির অন্যতম মাধ্যম: ছারছীনার পীর
হোম » ইসলামী জীবন » আল্লাহর জিকির মুমিনের আত্মিক উন্নতি ও প্রশান্তির অন্যতম মাধ্যম: ছারছীনার পীর
![]()
সাগরকন্যা প্রতিবেদক
আল্লাহর জিকির মুমিনের আত্মিক উন্নতি, অন্তরের প্রশান্তি ও আত্মশুদ্ধি অর্জনের অন্যতম মাধ্যম বলে মন্তব্য করেছেন ছারছীনা দরবার শরীফের পীর ও আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।
তিনি বলেন, জিকিরের মাধ্যমে মানুষ মহান আল্লাহর স্মরণে নিজেকে নিবিষ্ট রাখার পাশাপাশি তাকওয়া, নৈতিকতা ও উত্তম চরিত্র গঠনের অনুপ্রেরণা লাভ করে। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর স্মরণ জাগ্রত রাখা এবং তাঁর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমল করার ওপর গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক তাহেরপুর ঈদগাহ ময়দানে আয়োজিত এক মাহফিলে তিনি এসব কথা বলেন। ছারছীনা শরীফের মরহুম পীর বাহরে শরীয়ত, মুজাদ্দিদে জামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফী মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর স্মরণে এবং মাদরাসার দশম বার্ষিক ঈছালে ছাওয়াব ও দোয়ার মাহফিল এবং হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে এ আয়োজন করা হয়।
পীর ছাহেব কেবলা আরও বলেন, জিকির কেবল মুখে আল্লাহর নাম উচ্চারণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অন্তরে তাঁর স্মরণ ধারণ করা, তাঁর নির্দেশনা মেনে চলা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়ন করাও জিকিরের শিক্ষার অংশ। এ শিক্ষা অনুসরণ করে নিয়মিত জিকির, ইবাদত, আত্মশুদ্ধি ও উত্তম আমলের চর্চা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
সোনারগাঁ উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব মো. সিরাজুল হক সরকারের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর সোনারগাঁ উপজেলা শাখা এবং এলাকাবাসী সম্মিলিতভাবে মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা করেন।
মাহফিলে অন্যদের মধ্যে আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্চুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মো. মামুনুল হক এবং পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মো. মোহেব্বুল্লাহ আল মাহমুদ।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক শান্তি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন পীর ছাহেব কেবলা।
বাংলাদেশ সময়: ১৮:৪৯:১০ ● ৩২ বার পঠিত
