বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু
হোম » খুলনা » কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে দেড় মাস বয়সী এক শিশুকে সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সময়মতো চিকিৎসক না পাওয়ায় শিশুটিকে বাঁচানো যায়নি।
মারা যাওয়া শিশুটির নাম মুয়াজ আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান তার মামা রাকিব হাসান।
রাকিব হাসান বলেন, ‘সকাল থেকে আমার ভাগনে খুব কান্নাকাটি করছিল। সকাল সাড়ে সাতটার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাই। তখন জরুরি বিভাগে কোনো ডাক্তার ছিলেন না। সেখানে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা বাইরের ওষুধের দোকান থেকে দুটি ওষুধ আনতে বলেন। ওষুধ এনে দিলে শিশুটিকে নেবুলাইজার দেওয়া হয়। এরপর তাঁরা জানান, ডাক্তার এসে দেখবেন।’
তিনি বলেন, চিকিৎসকের অপেক্ষায় তাঁরা সকাল নয়টা পর্যন্ত হাসপাতালে ছিলেন। এর মধ্যে কোনো চিকিৎসক না আসায় শিশুটির মৃত্যু হয়। সময়মতো চিকিৎসা পেলে শিশুটিকে বাঁচানো যেত কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল করিমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
খুলনার সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান বলেন, ‘বিষয়টি জানা ছিল না। তবে এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ১৭:৩২:২৭ ● ২০ বার পঠিত
