বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
বরগুনায় ডেঙ্গুর প্রকোপ, মশারি টানতে রোগীদের অনীহা
হোম » লিড নিউজ » বরগুনায় ডেঙ্গুর প্রকোপ, মশারি টানতে রোগীদের অনীহা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ ও হাসপাতালে রোগীর চাপ। গত এক সপ্তাহে নতুন করে ২৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে অনেক রোগীকে মশারি ছাড়াই শুয়ে থাকতে দেখা গেছে। এতে আক্রান্ত রোগীকে কামড়ানো মশার মাধ্যমে অন্যদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৬২ জন বরগুনা জেনারেল হাসপাতালে এবং ৭৬ জন পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত ৫০টি শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৬৩ জন। অর্থাৎ শয্যাসংখ্যার চেয়ে ১৩ জন বেশি রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বরগুনা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে অনেক রোগীকে মশারি ছাড়া শয্যায় থাকতে দেখা যায়। রোগীর চাপের মধ্যে মশারি ব্যবহারে অনীহা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম বলেন, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে কোনো মশা কামড়ানোর পর সেই মশা অন্য কাউকে কামড়ালে সংক্রমণ ছড়াতে পারে। এ কারণে ডেঙ্গু রোগীদের অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। রোগীদের মশারি টানিয়ে থাকতে বলার পরও তাঁরা তা খুলে রাখেন।
তিনি আরও বলেন, শুধু চিকিৎসা দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। ঘরের আশপাশ পরিষ্কার রাখা, মশার বংশবিস্তার রোধ করা এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। হাসপাতালেও রোগীদের মশারি ব্যবহারে গুরুত্ব দিতে হবে।
ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি মশার কামড় থেকে সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে রোগীদের পাশাপাশি তাঁদের স্বজনদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ সময়: ১৭:১৩:২২ ● ২৩ বার পঠিত
