বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টায় বিদ্যুৎ মেলে মাত্র ১ ঘণ্টা, মনপুরায় ব্যবসায়ীদের অবস্থান

হোম » ভোলা » ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মেলে মাত্র ১ ঘণ্টা, মনপুরায় ব্যবসায়ীদের অবস্থান
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬


 

২৪ ঘণ্টায় বিদ্যুৎ মেলে মাত্র ১ ঘণ্টা, মনপুরায় ব্যবসায়ীদের অবস্থান

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা) 

 

ভোলার মনপুরায় ২৪ ঘণ্টায় মাত্র এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের অভিযোগে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন হাজীরহাট বাজারের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ডাকবাংলো মোড়ে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তিন শতাধিক ব্যবসায়ী।

 

পরে ব্যবসায়ীরা উপজেলা আবাসিক প্রকৌশলী কে এম ফরিদুল ইসলামের কাছে বিদ্যুৎ সরবরাহের সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেন।

 

ব্যবসায়ীরা জানান, দিনে-রাতে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও তাঁরা পাচ্ছেন মাত্র এক ঘণ্টা। এতে ব্যবসা পরিচালনা করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাঁরা প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। অন্যথায় বাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার দাবি জানান তাঁরা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মনপুরায় পাওয়ার হাউসের জেনারেটরের মাধ্যমে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করে ওজোপাডিকো। তবে গত কয়েক মাস ধরে জেনারেটর নষ্ট থাকার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ব্যবসায়ী ও গ্রাহকেরা। এর আগে বিদ্যুৎ সরবরাহ নিয়ে এই কার্যালয়ে হামলার ঘটনাও ঘটে।

 

হাজীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাজী নিজাম উদ্দিন ও হাজী বেলায়াত হোসেন বলেন, দিনে বিদ্যুৎ পাওয়া যায় না, রাতে মেলে মাত্র এক ঘণ্টা। এতে ব্যবসায়ীরা প্রতিনিয়ত লোকসানের মুখে পড়ছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

উপজেলা আবাসিক প্রকৌশলী কে এম ফরিদুল ইসলাম বলেন, তাঁদের তিনটি জেনারেটরের মধ্যে দুটি নষ্ট থাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আগামী পাঁচ দিনের মধ্যে জেনারেটরগুলো সচল করা সম্ভব হলে হাজীরহাট বাজারে টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:১৪ ● ১৯ বার পঠিত