বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬

খুলনায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, হত্যাকারীদের শনাক্তের দাবি পুলিশের

হোম » খুলনা » খুলনায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, হত্যাকারীদের শনাক্তের দাবি পুলিশের
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, খুলনা

 

খুলনা নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর থানার পূর্ব বানিয়াখামার আনসার আলী গলির সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত তাওহিদুলের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কিছু দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি চালায়। এতে তাওহিদুলের পিঠে একটি গুলি লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন গণমাধ্যমকে বলেন, নিহত তাওহিদুল কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন। প্রতিপক্ষ গ্রুপের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

 

ওসি আরও বলেন, হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। তাওহিদুলের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫৭:৪৪ ● ৩০ বার পঠিত