বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
শার্শায় ৪ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১
হোম » খুলনা » শার্শায় ৪ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল
যশোরের শার্শায় ৪ কোটি ১০ লাখ টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকার প্রাইম ব্রিকসের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
বুধবার দুপুর ২টার দিকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাভারণ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন।
আটক আলাউদ্দীন শার্শা উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে এক ব্যক্তি সীমান্তের দিকে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকার প্রাইম ব্রিকসের সামনে অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলে করে সেখানে পৌঁছালে আলাউদ্দীনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
পুলিশের তথ্যমতে, জব্দ করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম। এগুলোর বাজারমূল্য প্রায় ৪ কোটি ১০ লাখ টাকা।
সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, আলাউদ্দীনের বিরুদ্ধে মামলা করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারগুলো সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১:০৮:৩২ ● ২৪ বার পঠিত
