বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
দশমিনায় ৫৮তম শারদীয় নৌকা বাইচে অর্ধলক্ষাধিক মানুষের ঢল
হোম » পটুয়াখালী » দশমিনায় ৫৮তম শারদীয় নৌকা বাইচে অর্ধলক্ষাধিক মানুষের ঢল
![]()
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় ঐতিহ্যবাহী ৫৮তম শারদীয় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) উপজেলার পূর্ব লক্ষ্মীপুর এলাকায় নিবারণ কবিরাজের বাড়ির দিঘিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৫৮ বছর ধরে দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে প্রতিবছর এ নৌকা বাইচের আয়োজন করা হচ্ছে।
এবারের প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়। এতে মাহাবুল মাঝির দল প্রথম, হাসেম মাঝির দল দ্বিতীয় এবং মনোরঞ্জন মাঝির দল তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ী তিনটি দলকে পুরস্কার হিসেবে একটি করে ফ্রিজ দেওয়া হয়।
ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধলক্ষাধিক নারী-পুরুষের সমাগম ঘটে। প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা। বিশেষ অতিথি ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আলহাজ শাহ আলম শানু, গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মিজান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কেএম ইমরান শাহীন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮:৩৯:৪৬ ● ৩৩ বার পঠিত
