বুধবার ● ২১ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা বন্দর পরিদর্শন কাল

হোম » জাতীয় » প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা বন্দর পরিদর্শন কাল
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬


 

প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা বন্দর পরিদর্শন কাল

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

মোংলা বন্দরের সক্ষমতা পর্যালোচনা ও দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) মোংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক দিনের এ সরকারি সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে থাকবেন। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম মোংলা সফর।

 

প্রধানমন্ত্রীর সফর ঘিরে মোংলা বন্দর ও আশপাশের উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বন্দরসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ সফরের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও মোংলা বন্দরের সম্প্রসারণে নতুন উদ্যোগ গতি পাবে।

 

প্রটোকল সূচি অনুযায়ী, ঢাকা থেকে হেলিকপ্টারে যাত্রা করে সুন্দরবন ও হিরণ পয়েন্ট এলাকা আকাশপথে পরিদর্শনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর সফর শুরু হবে। দুপুর পৌনে ১টায় নৌবাহিনীর মোংলা ঘাঁটি ‘বানৌজা মোংলা’য় মধ্যাহ্নবিরতি নেবেন তিনি। এ সময় খুলনা বিভাগের বিভাগীয় ও আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

 

দুপুর ৩টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দরের মূল জেটি এলাকা পরিদর্শন করবেন। এ সময় পণ্য খালাসের কার্যক্রম ও বন্দরের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে। এরপর বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত নতুন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সফরসূচিতে খুলনার দাকোপে যাওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

 

বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর এ সফরে মোংলা বন্দরের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

 

তিনি বলেন, চীনা বিনিয়োগ আকর্ষণ, মোংলা নদীতে সেতু নির্মাণ, মোংলা-খুলনা সড়ক ছয় লেনে উন্নীত করা এবং ট্রানজিট সুবিধা কাজে লাগিয়ে বন্দরকে দক্ষিণাঞ্চলের প্রধান অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

 

মোংলা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন বলেন, বন্দরের নাব্য রক্ষায় নিয়মিত ড্রেজিংয়ের পাশাপাশি খালাস করা পণ্য দ্রুত ও কম খরচে পরিবহনের জন্য রেল ও সড়ক যোগাযোগের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। এসব সমস্যার সমাধান হলে ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের পরিসর বহুগুণ বাড়বে।

 

‘সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়ক মো. নুর আলম শেখ বলেন, সুন্দরবনের সুরক্ষা ও পরিবেশগত উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর থেকে বিশেষ দিকনির্দেশনা আসবে বলে তাঁরা আশা করছেন।

 

মোংলা পোর্ট বার্থ অ্যান্ড শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী জানান, প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকায় হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ব্যবসায়ীদের কর্মপরিধি বাড়বে।

 

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার জানান, বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে বন্দরে বিদেশি জাহাজের আগমন বাড়বে। এতে বন্দরের সক্ষমতাও আরও বৃদ্ধি পাবে।

 

প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের ভাষ্য, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মোংলা বন্দর ও সংলগ্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরকালে প্রধানমন্ত্রীর কোনো রাজনৈতিক নেতা-কর্মীর সঙ্গে বৈঠক বা আলোচনায় বসার কর্মসূচি নেই বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১৪:৪৯ ● ২৭ বার পঠিত