বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
পটুয়াখালীতে সাংবাদিক সোহরাব হোসেনের দাফন সম্পন্ন
হোম » গণমাধ্যম » পটুয়াখালীতে সাংবাদিক সোহরাব হোসেনের দাফন সম্পন্ন
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীতে সাংবাদিক সোহরাব হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার ( ২১ অক্টোবর ) সকালে জেলার আউলিয়াপুরে বড় ভাই মাওলানা ওহাব মোল্লার কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে সকাল ১০টায় আউলিয়াপুর সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় সোহরাব হোসেনের বড় ছেলে আতিকুর রহমান ও ছোট ছেলে সুফিয়ান মোল্লা তাদের বাবার জন্য সবার কাছে দোয়া চান।
জানাজার আগে পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা তার প্রতি শ্রদ্ধা জানান। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সোহরাব হোসেন গত মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালের মৃত্যু সনদে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা উল্লেখ করা হয়েছে।
২০০৪ সালের ১ জানুয়ারি দ্য ডেইলি স্টারে যোগ দেন সোহরাব হোসেন। দীর্ঘ ২২ বছরের বেশি সময় ধরে তিনি পটুয়াখালী সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, পরিবেশ, স্বাস্থ্যসেবা, কৃষি, অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প নিয়ে প্রতিবেদন করেছেন তিনি।
তার প্রতিবেদনে উঠে এসেছে পটুয়াখালী ইপিজেডের জন্য জমি অধিগ্রহণে ঘুষ লেনদেনের অভিযোগ, সড়ক নির্মাণে অনিয়ম, সরকারি হাসপাতালে চিকিৎসকসংকট এবং বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকা সেতুর তথ্য। এ ছাড়া কুয়াকাটা সমুদ্রসৈকতে ১৪০টি ডলফিনের মৃত্যুর ঘটনা, জেলেদের দুর্দশা ও উপকূলীয় এলাকার ভাঙন নিয়েও প্রতিবেদন করেছেন তিনি।
সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে তিনি গণমাধ্যমের সেরা জেলা প্রতিবেদকের পুরস্কার পান। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পটুয়াখালী প্রেসক্লাবের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এর আগে সংগঠনটির সাধারণ সম্পাদকও ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩:০১:৩১ ● ২৫ বার পঠিত
