মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
গলাচিপায় প্রায় এক মাস ধরে হাসপাতালে গৃহবধূ, চিকিৎসা সংকটে শিশুসন্তান
হোম » পটুয়াখালী » গলাচিপায় প্রায় এক মাস ধরে হাসপাতালে গৃহবধূ, চিকিৎসা সংকটে শিশুসন্তান
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের নির্যাতনে আহত হওয়ার অভিযোগে প্রায় এক মাস ধরে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন গৃহবধূ হোসনেয়ারা। তাঁর সঙ্গে দুই বছরের শিশু ফাতেমাও। দীর্ঘদিন হাসপাতালে থাকায় মা ও শিশু শারীরিক কষ্টের পাশাপাশি আর্থিক সংকটে পড়েছেন। অভিযোগ, পরিবারের সদস্যরা তাঁদের খোঁজখবর নিচ্ছেন না, বহন করছেন না চিকিৎসার ব্যয়ও।
ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের টোকাই তবক গ্রামের ইউনুছ পহলানের বাড়িতে। গত ২৫ সেপ্টেম্বর স্বামী মাসুদ রানার বাড়িতে পারিবারিক দ্বন্দ্বের জেরে নির্যাতনের শিকার হন হোসনেয়ারা। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে ও তাঁর দুই বছরের শিশু ফাতেমাকে হাসপাতালে ভর্তি করেন।
এরপর থেকে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকায় শারীরিক ও মানসিক কষ্টের পাশাপাশি আর্থিক সংকটেও পড়েছেন মা ও শিশু।
অভিযোগ অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা তাঁদের চিকিৎসার খরচ বহন করছেন না। নিয়মিত খোঁজখবরও নিচ্ছেন না তাঁরা। ফলে অসুস্থ অবস্থায় মা ও শিশুকে চরম ভোগান্তির মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে।
এদিকে, স্বামী মাসুদ রানা ও তাঁর পরিবারের বিরুদ্ধে তোলা অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফোন করা হলেও কথা বলা যায়নি।
এ অবস্থায় মা ও শিশুর সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন স্বজন ও স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৮:৫২:৪৫ ● ২৭ বার পঠিত
