মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬

নেছারাবাদে চুরি করে পালানোর সময় যুবক আটক, পুলিশে সোপর্দ

হোম » পিরোজপুর » নেছারাবাদে চুরি করে পালানোর সময় যুবক আটক, পুলিশে সোপর্দ
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬


 

নেছারাবাদে চুরি করে পালানোর সময় যুবক আটক, পুলিশে সোপর্দ

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে বসতঘর থেকে মোবাইল ফোন চুরি করে পালানোর সময় রাসেল খান (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে মামলার প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৪টার দিকে স্বরূপকাঠি পৌরসভার জগন্নাথকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

 

আটক রাসেল খান স্বরূপকাঠি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জগন্নাথকাঠি গ্রামের বাসিন্দা। তিনি স্বরূপকাঠি রিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তফা কামালের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে জগন্নাথকাঠি এলাকার বাসিন্দা মো. ফয়জুল হকের বসতঘরের পেছনের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন রাসেল। একটি মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে ডাকচিৎকার শুরু করেন গৃহকর্তা। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া করে রাসেলকে আটক করেন এবং থানায় খবর দেন।

 

খবর পেয়ে নেছারাবাদ থানার উপপরিদর্শক মো. আনোয়ার পারভেজ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের কাছ থেকে রাসেলকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসেন।

 

ভুক্তভোগী মো. ফয়জুল হক বলেন, ‘ভোর আনুমানিক ৪টার দিকে আমার ঘরের পেছনের দরজা খুলে রাসেল ভেতরে প্রবেশ করে। আমার মোবাইল ফোন নিয়ে পালানোর সময় বিষয়টি বুঝতে পেরে ডাকচিৎকার শুরু করি। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে ধরে ফেলি। থানায় খবর দিলে পুলিশ এসে তাঁকে নিয়ে যায়। শুনেছি, চুরির মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

 

রাসেল আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকার আরও কয়েকজন বাসিন্দা তাঁদের বাড়িতে চুরির ঘটনার কথা জানান।

 

স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি গ্রামের বাসিন্দা পেশায় মিস্ত্রি জাকারিয়া অভিযোগ করেন, প্রায় এক মাস আগে তাঁর ঘর থেকে একটি আইফোন ও নগদ ১০ হাজার টাকা চুরি হয়। ঘটনার কয়েক দিন পর রাসেল তাঁর মায়ের কাছে মোবাইল ফোনটি দিয়ে যান বলে দাবি করেন তিনি।

 

একই গ্রামের বাসিন্দা সঞ্জীব সাহা বলেন, গত ২ অক্টোবর তাঁর ঘরের পেছনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে চোরেরা সাত ভরি রুপা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। এখন পর্যন্ত চুরি হওয়া মালামালের কোনো সন্ধান পাননি তিনি।

 

তবে সঞ্জীব সাহার বাড়িতে চুরির ঘটনার সঙ্গে আটক রাসেলের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

এদিকে এলাকায় চুরি প্রতিরোধে পুলিশের নিয়মিত টহল বৃদ্ধি এবং চুরির ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, স্থানীয় লোকজন রাসেলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। সোমবার সকালে মামলার প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

 

তিনি আরও বলেন, অপরাধ নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৫৯ ● ১৯ বার পঠিত