
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ডে বসতঘর, গবাদিপশু ও আসবাবপত্রের পাশাপাশি পুড়ে গেছে বোনের বিয়ের জন্য ১০ থেকে ১২ বছরে জমানো প্রায় সাত লাখ টাকা। কৃষিকাজ ও গরু-ছাগল পালন করে গড়ে তোলা সঞ্চয় হারিয়ে পরিবারটি এখন চরম আর্থিক সংকটে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেনের পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
এর আগে রবিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাংলালিংক টাওয়ারসংলগ্ন এলাকায় মোশাররফ হোসেনের বসতঘরে আগুন লাগে। এতে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দুটি গরু, ছয়টি ছাগল, হাঁস-মুরগি ও ঘরের আসবাবপত্র পুড়ে যায়। একই সঙ্গে ঘরে রাখা বোনের বিয়ের জন্য জমানো প্রায় সাত লাখ টাকাও নষ্ট হয়।
মোশাররফ হোসেন জানান, কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতেন তিনি। গত ১০ থেকে ১২ বছরে পাঁচটি গরু ও ৪০টির বেশি ছাগল বিক্রি করে অল্প অল্প করে প্রায় সাত লাখ টাকা জমিয়েছিলেন। বোনের বিয়ের খরচ মেটানোর জন্য সেই টাকা ঘরে রেখেছিলেন। কিন্তু আগুনে সব পুড়ে যাওয়ায় দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা সঞ্চয় হারিয়েছেন তিনি।
ক্ষয়ক্ষতির খবর পেয়ে মোশাররফের পরিবারের পাশে দাঁড়ান হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে বাউফল পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছি। তারেক রহমানের পক্ষ থেকে আমি ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিক সহায়তা করেছি।’