সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬

মেয়েদের নেতৃত্বে আনতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে: চিফ হুইপ

হোম » বরগুনা » মেয়েদের নেতৃত্বে আনতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে: চিফ হুইপ
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬


 

মেয়েদের নেতৃত্বে আনতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে: চিফ হুইপ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

মেয়েদের নেতৃত্বে এগিয়ে নিতে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, বাল্যবিয়ে বন্ধ, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

 

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের আর্থিকভাবে শক্তিশালী করার পাশাপাশি মেয়েদের শিক্ষার সুযোগ ও উপবৃত্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের সুফল নিশ্চিত করতে মেয়েদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা জরুরি, যাতে তারা ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে।

 

তিনি আরও বলেন, কিশোরীদের সুস্থ বিকাশ ও নিরাপদ ভবিষ্যতের জন্য প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। বাল্যবিয়ে তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ সম্ভাবনাকে সংকুচিত করে। এ সমস্যা প্রতিরোধে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

এ সময় পাথরঘাটায় মাদক, চাঁদাবাজি, দখলদারত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন চিফ হুইপ।

 

জাতীয় সংসদ সচিবালয়ের বিএন্ডআইটি অনুবিভাগের মহাপরিচালক আ ন ম খলিলুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এ সময় উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সংসদ সচিবালয়ের যুগ্মসচিব মো. আল মামুনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

বাংলাদেশ সময়: ২০:৫২:৫২ ● ৩৪ বার পঠিত