সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
সড়ক বিলীন, বিচ্ছিন্ন যোগাযোগ খায়রাবাদ নদীর ভাঙনে নলছিটিতে শতাধিক পরিবার গৃহহীন
হোম » ঝালকাঠী » সড়ক বিলীন, বিচ্ছিন্ন যোগাযোগ খায়রাবাদ নদীর ভাঙনে নলছিটিতে শতাধিক পরিবার গৃহহীন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামে খায়রাবাদ নদীর তীব্র ভাঙনে শতাধিক পরিবার বসতভিটা হারিয়েছে। গত এক সপ্তাহে গ্রামের প্রধান সড়কের একটি অংশ নদীগর্ভে বিলীন হওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
সোমবার সকাল ১১টায় ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগীরা। খায়রাবাদ নদীভাঙন প্রতিরোধ কমিটির আয়োজনে এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
সংবাদ সম্মেলনে দপদপিয়া ইউনিয়ন খায়রাবাদ নদীভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. রুহুল আমিন হাওলাদার ও সদস্যসচিব মো. রমজান আইকন হৃদয় বলেন, নদীভাঙনে এলাকার শতাধিক পরিবার বসতভিটা হারিয়ে অসহায় হয়ে পড়েছে। দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নিলে তাঁদের দুর্ভোগ আরও বাড়বে।
তাঁরা জানান, সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় এলাকার মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে আছেন। শিক্ষার্থীরা স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেতে পারছে না। অসুস্থ রোগীরাও সময়মতো চিকিৎসা নিতে পারছেন না।
ভাঙন থেকে এলাকা রক্ষায় দ্রুত বেড়িবাঁধ নির্মাণ অথবা জিও ব্যাগ ফেলার জন্য ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের প্রতি দাবি জানান তাঁরা।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুণ্ডু বলেন, ‘খায়রাবাদ নদীভাঙনের বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম। অচিরেই ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় কর্তৃপক্ষকে অবহিত করব।’
এ বিষয়ে বক্তব্য জানতে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নিলয় পাশার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৭:২৪:৫৯ ● ৩৯ বার পঠিত
