রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় গণপিটুনিতে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হোম » খুলনা » সাতক্ষীরায় গণপিটুনিতে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬


সাতক্ষীরায় গণপিটুনিতে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারসাগরকন্যা প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেবহাটা সার্কেল, কালীগঞ্জ ও দেবহাটা থানা পুলিশ এবং এসআরবি-৬-এর সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে আমিনীকে গ্রেপ্তার করা হয়।

 

গত ১৩ অক্টোবর দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনির শিকার হন ওয়াহিদুজ্জামান শামীম (৩৮)। প্রথম দফায় মারধরের পর পুলিশ তাঁকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে রাতেই একদল লোক হাসপাতালে ঢুকে তাঁকে ছিনিয়ে নিয়ে আবারও মারধর করেন। গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

 

নিহত শামীম দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার ছেলে।

 

এ ঘটনায় শামীমের ভাই আব্দুল জলিল সানা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এতে পারুলিয়া এলাকার ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করা হয়।

 

মামলা দায়েরের পর পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে। এবার প্রধান আসামি আমিনীকে গ্রেপ্তার করল।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আমিনীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:০২ ● ১৯ বার পঠিত