রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হোম » খুলনা » শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাগরকন্যা প্রতিবেদক, শরণখোলা (বাগেরহাট)
বাগেরহাটের শরণখোলায় ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুঁই (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে রায়েন্দা ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) সকালে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত জুঁই শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের কুয়েতপ্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী। তাঁর ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। স্বামী বর্তমানে কুয়েতে অবস্থান করছেন।
স্থানীয় সূত্রের দাবি, স্বামী প্রবাসে থাকাকালে অন্য এক ব্যক্তির সঙ্গে জুঁইয়ের সম্পর্ক গড়ে ওঠে। ওই ব্যক্তির সঙ্গে তিনি ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে স্থানীয়রা জানান। ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। তবে তাঁর পরিচয় ও এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
ভাড়া বাসার মালিক মো. ফরিদ হোসেন জানান, গত ৫ অক্টোবর জুঁই ও এক ব্যক্তি স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন।
শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, শনিবার রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৮টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৫:৩৬:৩৩ ● ২০ বার পঠিত
