শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে ব্যাগভর্তি শিশুর মরদেহ উদ্ধার
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে ব্যাগভর্তি শিশুর মরদেহ উদ্ধার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আলআমিনের বসতবাড়িসংলগ্ন খাল থেকে ব্যাগভর্তি অবস্থায় শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে বাবা রাসেল খানের সঙ্গে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল রাইয়ান। এ সময় তার মা রুমানা বেগম ঘরের বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিলেন। ভোর ৬টা ১০ মিনিটের দিকে রাসেল ঘুম থেকে উঠে ঘরে তাঁর স্ত্রীর বোনের স্বামী আলআমিনকে দেখতে পান। এরপর তিনি আবার ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরই শিশুটি নিখোঁজ হয়।
পারিবারিক বিরোধের জেরে আলআমিন শিশুটিকে হত্যা করেছেন বলে অভিযোগ করেছে পরিবার। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই আলআমিনসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা করেন রুমানা বেগম। এর আগে ওই দিন দুপুরে আলআমিনকে গ্রেপ্তার করে পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭:০৫:০২ ● ৩২ বার পঠিত
