শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
চরফ্যাশনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মা ইলিশ!
হোম » ভোলা » চরফ্যাশনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মা ইলিশ!
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চললেও ভোলার চরফ্যাশন মাছ বাজারে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে ইলিশ। ককশিটের বাক্সে মাছ এনে ক্রেতাদের ডেকে দরদাম করে বিক্রি করছেন ব্যবসায়ীরা। শনিবার (১৭ অক্টোবর) সরেজমিনে বাজারে এমন চিত্র দেখা গেছে। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার টাকা দরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ আহরণ, মজুত, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। তবে চরফ্যাশন মাছ বাজারে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ বিক্রি করছেন ব্যবসায়ীরা। বড় বড় ককশিটের বাক্সে মাছ এনে বাজারে বিক্রির জন্য ক্রেতাদের আকৃষ্ট করতে হাঁকডাক দিচ্ছেন তাঁরা।
নিষেধাজ্ঞার মধ্যে প্রকাশ্যে ইলিশ বিক্রির ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকেরা। তাঁদের অভিযোগ, বাজারে মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের কার্যকর তদারকি না থাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রি চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রেতা জানান, নিষেধাজ্ঞা চললেও বাজারে ইলিশের সরবরাহ রয়েছে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় দাম কিছুটা বেশি। ব্যবসায়ীরা ককশিটের বাক্সে মাছ এনে প্রকাশ্যে বিক্রি করলেও প্রশাসনের নজরে বিষয়টি আসছে না বলে অভিযোগ তাঁদের।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণ, মজুত, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ এসব কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চরফ্যাশন মাছ বাজারে ইলিশ বিক্রির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জেল ও জরিমানার বিধান রয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মজুত ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর নির্দিষ্ট সময়ে সরকার ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করে। এ সময়ে নিষেধাজ্ঞা কার্যকর রাখতে চরফ্যাশন মাছ বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।
বাংলাদেশ সময়: ১৬:০৩:১০ ● ১৭ বার পঠিত
