শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে জখম, জামায়াত নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
হোম » ভোলা » মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে জখম, জামায়াত নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরায় মসজিদ থেকে ডেকে নিয়ে এক সহকারী শিক্ষক ও তাঁর স্বাস্থ্যকর্মী ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগে ওয়ার্ড জামায়াতের সভাপতিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার তিন দিন পর আহত দুই ভাইয়ের বাবা মো. অহিদুর রহমান হাওলাদার বাদী হয়ে মনপুরা থানায় মামলাটি করেন।
শনিবার ( ১৭ অক্টোবর )বেলা সাড়ে ১১টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম।
মামলার আসামিরা হলেন মনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও রোকন মো. মিজান, সুমন, জুয়েল, রিয়াদ ও ফয়সাল। তাঁদের সবার বাড়ি মনপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
মামলার বাদী মো. অহিদুর রহমান হাওলাদার অভিযোগ করেন, আসামিরা প্রকাশ্যে বাজারে ঘোরাফেরা করলেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না।
তবে ওসি মাজাহারুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১১ অক্টোবর মনপুরা ইউনিয়নের ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদে ফজরের নামাজ আদায় করে বসেছিলেন সহকারী শিক্ষক ফজলে রাব্বি ও তাঁর ভাই কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী মো. ফয়সাল হাওলাদার। পরে মসজিদ থেকে ডেকে নিয়ে জামায়াত নেতা মিজানের নেতৃত্বে তাঁদের মারধর করা হয়।
এতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের ভোলায় পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১২:০৫:১২ ● ৫৩ বার পঠিত
