শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬

ভোলায় এক দিনে ৩৮ জেলে আটক, জাল জব্দ ১ লাখ ৬৭ হাজার মিটার

হোম » ভোলা » ভোলায় এক দিনে ৩৮ জেলে আটক, জাল জব্দ ১ লাখ ৬৭ হাজার মিটার
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬


ভোলায় এক দিনে ৩৮ জেলে আটক, জাল জব্দ ১ লাখ ৬৭ হাজার মিটারসাগরকন্যা প্রতিবেদক, ভোলা

ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশের অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জেলেকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬টি মাছ ধরার নৌকা, ৪১ কেজি ইলিশ ও ১ লাখ ৬৭ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন এ তথ্য জানান। এর আগে জেলার বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলায় আটক ১৭ জেলের মধ্যে ১৪ জনকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় তিনটি নৌকা, ১০ কেজি ইলিশ ও ২৫ হাজার মিটার জাল জব্দ করা হয়।

দৌলতখান উপজেলায় আটক তিন জেলেই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় একটি নৌকা, ১৫ কেজি ইলিশ ও ১ লাখ মিটার জাল জব্দ করা হয়।

তজুমদ্দিন উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ১০ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এ সময় দুটি মাছ ধরার নৌকা, ৬ কেজি মাছ ও ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

অন্যদিকে, চরফ্যাশন উপজেলায় আটক আট জেলের মধ্যে ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় ১০ কেজি ইলিশ ও ২২ হাজার মিটার জাল জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, মৎস্য বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানে জেলেদের আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

তিনি আরও বলেন, জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দ করা নৌকা নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১:১৭:৩৪ ● ২০ বার পঠিত