শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৫
হোম » চট্টগ্রাম » কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৫
সাগরকন্যা প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা স্থানীয় নাকি পর্যটক, তা যাচাই করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে সাগরকন্যাকে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে আগুন লাগে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার।
সকাল সাড়ে ১০টার দিকে তিনি বলেন, আগুনের ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে। তবে কতজন নিহত হয়েছেন বা কতজন নিখোঁজ রয়েছেন, তা তখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি বলেন, ‘আমাদের পুলিশ ও ফায়ার সার্ভিসের দল কাজ করছে। এক ঘণ্টা সময় দিন। এখনই হতাহতের সংখ্যা বলা ঠিক হবে না।’
কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, পুলিশ রিসোর্টের ভেতরে প্রবেশ করতে পারেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। লাশ না দেখে নিহতের সংখ্যা বলা যাচ্ছে না।
কক্সবাজার শহরের প্রবেশদ্বার কলাতলী থেকে রিসোর্টটির দূরত্ব প্রায় ২৯ কিলোমিটার। আগুনে একপর্যায়ে বাঁশ-কাঠের তৈরি রিসোর্টটি ভস্মীভূত হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, রিসোর্টটির তিনটি তলাই কাঠের তৈরি ছিল। আগুনে পুরো স্থাপনাটি পুড়ে গেছে।
তিনি বলেন, ‘আমরা সেখানে তল্লাশি চালাচ্ছি। তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত মোট কতজন মারা গেছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
বাংলাদেশ সময়: ১০:৩৮:০৬ ● ৩০ বার পঠিত
