শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
সাত বছর পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ, প্রত্যাশা বড় লিটনের
হোম » খেলা » সাত বছর পর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ, প্রত্যাশা বড় লিটনের
সাগরকন্যা খেলা ডেস্ক
দীর্ঘ সাত বছর পর আবারও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে নামছে বাংলাদেশ। বহুজাতিক টুর্নামেন্টে নিয়মিত অংশ নিলেও গত কয়েক বছরে এ ধরনের সিরিজে খেলা হয়নি টাইগারদের। এবার সেই অপেক্ষার অবসান হচ্ছে। সিরিজে ভালো ক্রিকেট খেলে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চান অধিনায়ক লিটন দাস।
এখন পর্যন্ত ১৫টি ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়ে মাত্র একবার শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।
লিটন মনে করেন, ত্রিদেশীয় সিরিজের মতো প্রতিযোগিতায় খেললে দলের উন্নতির সুযোগ তৈরি হয়। আজ আবুধাবিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘ত্রিদেশীয় সিরিজ খেললে একটা বাড়তি চাপ থাকে। তিনটা দলের জন্য একইরকম চাপ থাকবে যে ফাইনালে উঠতে হবে। আপনি যখন সিরিজ খেলেন কোনো একটা চাপ আসে না কারণ আপনি জানেন প্রথম ম্যাচ হেরে গেলেও একটা সুযোগ থাকে। কিন্তু এখানে হেরে গেলে রানরেটের বিষয় চলে আসে।’
গত জুলাইয়ে সর্বশেষ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে এর আগে টানা চারটি সিরিজে জয় পেয়েছিল দলটি। মাঝে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন নিয়ে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত র্যাঙ্কিংয়ে সেরা নয়ের মধ্যে থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ।
সাম্প্রতিক সিরিজগুলোর ধারাবাহিকতা ধরে রেখে এবারও ভালো করার ব্যাপারে আশাবাদী লিটন। তাঁর ভাষ্য, ‘আমাদের ছেলেরা খুবই ভালো ক্রিকেট খেলছে গত কয়েকটা সিরিজে। আমাদের পরিপক্বতা অনেক বেড়েছে। আশা করি আমরা এখানে ভালো ক্রিকেট খেলব।’
এই সিরিজের মধ্য দিয়েই পূর্ণ মেয়াদে ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব শুরু করছেন লিটন দাস। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে আগামী বছরের অক্টোবর পর্যন্ত তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে শুরু হচ্ছে তাঁর নতুন অধ্যায়।
দলের সামর্থ্যের ওপর আস্থা রেখে লিটন বলেন, ‘আপনি যদি দেখেন এই দলটা অনেক ভালো ভালো সিরিজ খেলেছে। বিশেষ করে ঘরের মাঠে অনেক ভালো খেলেছে। আমার কাছে মনে হয় এই দলটাতে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে আর সঙ্গে আমরা যাঁরা সিনিয়র আছি-যদি সেরা ক্রিকেটটা খেলতে পারি তাহলে সবকিছু সম্ভব।’
বাংলাদেশ সময়: ২৩:০৪:০৫ ● ২১ বার পঠিত
