শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬

মুলাদীতে জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

হোম » বরিশাল » মুলাদীতে জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬


মুলাদীতে জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তারসাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশালের মুলাদীতে জুয়া, মাদকের আড্ডা ও অবৈধ বালু উত্তোলন বন্ধের ঘোষণা দেওয়ার পর শুক্কুর আলী ব্যাপারী (৪০) নামের এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি রহমত উল্লাহ ফরাজীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

 

বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে বরিশাল নগরের রূপাতলী এলাকায় এসআরবি-৮-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার ওয়ালিদ হাসান।

 

তিনি জানান, স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শুক্কুর আলীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের আগে থেকেই বিরোধ ছিল। মুলাদীর কৃষ্ণপুর এলাকায় জুয়া খেলা নিষেধ করায় অভিযুক্ত ব্যক্তিরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

নিহত শুক্কুর আলী মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চরধলেশ্বর গ্রামের আব্দুস ছত্তার ব্যাপারীর ছেলে। তিনি গাছুয়া ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ডুমুরীতলা লঞ্চঘাট এলাকায় মাদকের আড্ডা, জুয়া খেলা এবং নয়াভাঙনী নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের ঘোষণা দেন শুক্কুর আলী। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ড প্রতিহত করার কথাও জানান তিনি।

 

এর জেরে বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ডুমুরীতলা ফরাজী বাড়ি লঞ্চঘাট এলাকার সালাউদ্দীনের দোকানে চা পান করার সময় তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

 

শুক্কুর আলীর বাবা আব্দুস ছত্তার ব্যাপারীর অভিযোগ, ডুমুরীতলা গ্রামের রহমত ফরাজী (৩৮), বারেক ফরাজী (৩৬), মুজাম্মেল ফরাজী (৩২), মন্টু ফরাজী, রফিক ফরাজী ও তাসলিমা নাসরিনসহ কয়েকজন তাঁর ছেলেকে মারধর করেন। এতে শুক্কুর আলী গুরুতর আহত হন।

 

অভিযুক্ত বারেক ফরাজী গাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।

 

পরে স্থানীয় লোকজন শুক্কুর আলীকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে মুলাদীর কাজিরচর ইউনিয়নের মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় বৃহস্পতিবার ভোর চারটার দিকে তাঁর মৃত্যু হয়।

 

এসআরবি-৮-এর কর্মকর্তা ওয়ালিদ হাসান জানান, হত্যা মামলার প্রধান আসামি রহমত উল্লাহ ফরাজীকে গ্রেপ্তারে এসআরবি-৮-এর সদর কোম্পানি ও এসআরবি-১০-এর যাত্রাবাড়ী কোম্পানির একটি দল অভিযান চালায়। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮:১৬:১৭ ● ২১ বার পঠিত