শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
আমতলীতে অটোরিকশার ধাক্কায় ৮ বছরের শিশু নিহত
হোম » বরগুনা » আমতলীতে অটোরিকশার ধাক্কায় ৮ বছরের শিশু নিহত
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে অটোরিকশার ধাক্কায় এলমা আক্তার নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার কাউনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বরিশালে নেওয়ার পথে লেবুখালী এলাকায় বিকেলে তার মৃত্যু হয়।
এলমা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের জসিম মিয়ার মেয়ে। তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে ঢাকায় বসবাস করতেন। দুর্গাপূজার ছুটিতে মেয়েকে নিয়ে তিনি কাউনিয়া গ্রামে শ্বশুর আজিজ ফরাজীর বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে এলমা রাস্তার পাশে দাঁড়িয়ে চকলেট খাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্বজনেরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. স্বর্ণা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে লেবুখালী এলাকায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর অটোরিকশাচালক বাদল ফকির পালিয়ে যান বলে জানা গেছে। পরে পরিবারের সদস্যরা শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে যান।
এলমার মামা মোফাজ্জেল হোসেন বলেন, বরিশালে নেওয়ার পথে লেবুখালী এলাকায় এলমার মৃত্যু হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, তিনি ঘটনাটি জেনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭:৩০:৪৯ ● ২৯ বার পঠিত
