বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
কয়রায় খাল-পুকুর পরিচ্ছন্নতায় যুবকদের উদ্যোগ
হোম » খুলনা » কয়রায় খাল-পুকুর পরিচ্ছন্নতায় যুবকদের উদ্যোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা, মিঠাপানির উৎস সংরক্ষণ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে খুলনার কয়রায় খাল ও পুকুর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন যুবকেরা।
বৃহস্রপতিবার সকালে কয়রা সদরের দেউলিয়া বাজারসংলগ্ন একটি খাল এবং চেয়ারম্যান বাড়ির মিঠাপানির পুকুরে এ অভিযান চালানো হয়। এ সময় জলাশয় দুটি থেকে ময়লা-আবর্জনা, লতাপাতা ও পরিবেশদূষণকারী বর্জ্য অপসারণ করা হয়।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত ‘ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস’ প্রকল্পের আওতায় এ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে অক্সফাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইড।
অভিযানের উদ্বোধন করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী। এ সময় উপস্থিত ছিলেন কোডেকের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অফিসার মো. শামিমুল আরফিন সুমন, ফিল্ড অফিসার গাজী ফারুখ হোসেন ও সাংবাদিক ফরহাদ হোসেনসহ অন্যরা।
আয়োজকেরা জানান, জলাশয় পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে যুবসমাজকে সম্পৃক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য।
উপকূলীয় জনপদ কয়রায় খাল ও পুকুর মিঠাপানির উৎস হিসেবে ব্যবহারের পাশাপাশি স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব জলাশয়ে বর্জ্য জমে থাকলে পানির গুণগত মান ও জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে জলাশয় পরিচ্ছন্ন রাখা এবং মিঠাপানির উৎস সংরক্ষণে স্থানীয় মানুষের অংশগ্রহণ ও সচেতনতা বাড়ানো জরুরি।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং জলাশয় রক্ষায় সম্মিলিত অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ সময়: ১৮:২৫:০৪ ● ১২ বার পঠিত
