বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমানের দায়িত্ব গ্রহণ
হোম » পটুয়াখালী » কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমানের দায়িত্ব গ্রহণ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মিজানুর রহমান। ছয় মাস মেয়াদি এ কমিটির দায়িত্ব নিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মিজানুর রহমান ঢাকার একটি বেসরকারি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তাঁর বাবা মরহুম নেছারুল হক মিয়া ছিলেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন শিক্ষক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর মিজানুর রহমান বলেন, ‘আমি এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। আমার বাবা মরহুম নেছারুল হক মিয়া এ বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. মো. শাহজাহান আমার মামা। এ প্রতিষ্ঠানের সঙ্গে আমার পারিবারিক ও আত্মিক সম্পর্ক রয়েছে। আমাকে আমার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দিতে যাঁরা নিরলসভাবে কাজ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
তিনি আরও বলেন, সদ্য বিদায়ী সভাপতি মেহেদি হাসান রাসেলের দিকনির্দেশনা ও শিক্ষকদের প্রচেষ্টায় এসএসসি পরীক্ষার ফলাফলে বিদ্যালয়টি উপজেলায় সেরা হয়েছে। এ সাফল্যের ধারা অব্যাহত রেখে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। এ জন্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন নতুন সভাপতি।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. মো. শাহজাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস শিরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ।
বিশেষ অতিথি ছিলেন নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. মিজানুর রহমান, বানারীপাড়া উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যক্ষ সৈয়দ এনামুল হক, বেগম খাদিজা রশিদ, বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্য মো. খলিলউল্লাহ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু, ব্যবসায়ী তপন দেবনাথ, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রিয়াজ পঞ্চায়েত ও যুবদল নেতা জসিম পঞ্চায়েতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা ডা. মো. শাহজাহানের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, কালাইয়া এলাকায় শিক্ষার প্রসার ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। উপজেলা জাগো দল ও বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও তাঁর পরিচিতি ছিল।
বক্তারা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করা এবং প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে মরহুম ডা. মো. শাহজাহানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৮:২২:২৫ ● ১৫ বার পঠিত
