বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
মনপুরা-নোয়াখালী নৌরুটে চালু হচ্ছে সি-ট্রাক গাংচিল, উচ্ছ্বাস
হোম » ভোলা » মনপুরা-নোয়াখালী নৌরুটে চালু হচ্ছে সি-ট্রাক গাংচিল, উচ্ছ্বাস
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে নোয়াখালীর চেয়ারম্যানঘাট নৌরুটে শুক্রবার চালু হচ্ছে সি-ট্রাক এমভি গাংচিল সার্ভিস। এতে ঝুঁকিপূর্ণ ট্রলারে যাতায়াতের পরিবর্তে নিরাপদ নৌযানে চলাচলের সুযোগ তৈরি হচ্ছে। নৌপথে নোয়াখালী পৌঁছে সড়কপথে প্রায় ছয় ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামে যাতায়াতের সম্ভাবনায় উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।
এত দিন মনপুরা থেকে ঢাকা ও চট্টগ্রামে যাতায়াতকারী হাজারো মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরার ট্রলারে চলাচল করতে হতো। নতুন সি-ট্রাক সার্ভিস চালু হলে যাতায়াতে ঝুঁকি কমার পাশাপাশি সময়ও সাশ্রয় হবে বলে আশা করছেন তাঁরা।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মনপুরার রামনেওয়াজ ঘাটে সি-ট্রাক এমভি গাংচিলের সুপারভাইজার মো. রিপন সার্ভিস চালুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় রামনেওয়াজ ঘাট থেকে ঢালচর হয়ে নোয়াখালীর চেয়ারম্যানঘাটের উদ্দেশে ছেড়ে যাবে সি-ট্রাকটি।
স্থানীয় সূত্রে জানা যায়, মনপুরা থেকে প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার আটটি ট্রলার যাত্রী নিয়ে হাতিয়ার চেয়ারম্যানঘাটে চলাচল করে। এসব ট্রলারে প্রতিদিন অসংখ্য মানুষ ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। চাকরি ও জীবিকার প্রয়োজনে উপকূলের বহু মানুষকে ঝুঁকি নিয়ে এই নৌপথ পাড়ি দিতে হয়।
এই নৌপথে চলাচলকারী যাত্রী সুমন, বনি আমিন ও লোকমানসহ অনেকে জানান, চট্টগ্রাম থেকে সড়কপথে ভোররাতে হাতিয়ার চেয়ারম্যানঘাটে পৌঁছে তাঁদের ঝুঁকি নিয়ে যাত্রীবাহী ট্রলারে মনপুরায় আসতে হয়। সি-ট্রাক চালু হলে যাতায়াতের ঝুঁকি কমবে এবং সময়ও বাঁচবে।
স্থানীয় ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা জানান, মনপুরা-নোয়াখালী নৌরুটে সি-ট্রাক চালু হলে নোয়াখালী থেকে সড়কপথে প্রায় ছয় ঘণ্টায় ঢাকায় পৌঁছানো সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন। এতে একই দিনে রাজধানীতে অফিস ও ব্যবসায়িক কাজ সেরে মনপুরায় ফেরার সুযোগ তৈরি হতে পারে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, মনপুরা-নোয়াখালীর চেয়ারম্যানঘাট নৌরুটে এক বছরের জন্য এমভি গাংচিল সি-ট্রাকটি ইজারা নিয়েছেন তাজিমুল ট্রেডার্সের পক্ষে মো. বশিরুল ইসলাম।
ভোলার চরফ্যাশনের বেতুয়া নদীবন্দরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টুটুল চন্দ্র রায় জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টায় নোয়াখালীর চেয়ারম্যানঘাট থেকে ঢালচর হয়ে মনপুরার রামনেওয়াজ ঘাটে আসবে সি-ট্রাক এমভি গাংচিল। পরে সকাল সাড়ে ৯টায় মনপুরা থেকে নোয়াখালীর চেয়ারম্যানঘাটের উদ্দেশে ছেড়ে যাবে।
বিআইডব্লিউটিসির ভোলা জেলা ব্যবস্থাপক (বাণিজ্য) মো. কাওছার আলম বলেন, বিআইডব্লিউটিসি সি-ট্রাক ইজারার মাধ্যমে পরিচালনা করে।
ইজারাদার প্রতিষ্ঠানের পক্ষে সুপারভাইজার মো. রিপন জানান, এমভি গাংচিলের ভেতরে যাত্রীদের বসার চেয়ারের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার থেকে মনপুরা-নোয়াখালী নৌরুটে সি-ট্রাকটির চলাচল শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৫:০৮:৪৪ ● ৩২ বার পঠিত
