বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
নাইক্ষ্যংছড়িতে লেবুর বস্তা থেকে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার
হোম » চট্টগ্রাম » নাইক্ষ্যংছড়িতে লেবুর বস্তা থেকে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার
সাগরকন্যা প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে লেবুভর্তি দুটি পরিত্যক্ত বস্তা থেকে ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার সিজার মূল্য ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা। তবে এ ঘটনায় ইয়াবার কোনো মালিককে শনাক্ত করা যায়নি।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের কাছে স্টিলের ব্রিজের নিচে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে লেবুভর্তি দুটি পরিত্যক্ত বস্তা তল্লাশি করা হয়। এ সময় ১০ কাটে রাখা মোট ৯৯ হাজার ৬৪০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে উদ্ধার করা ইয়াবাগুলো সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়। সেগুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বিজিবি। সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৪:৫৪:২৩ ● ২২ বার পঠিত
