বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬

কলাপাড়ার গঙ্গামতিতে বেড়িবাঁধের ঢালে গাছ কেটে স্থাপনা নির্মাণ

হোম » পটুয়াখালী » কলাপাড়ার গঙ্গামতিতে বেড়িবাঁধের ঢালে গাছ কেটে স্থাপনা নির্মাণ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬


 

কলাপাড়ার গঙ্গামতিতে বেড়িবাঁধের ঢালে গাছ কেটে স্থাপনা নির্মাণ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর পর্যটনসমৃদ্ধ কলাপাড়া উপজেলার গঙ্গামতি এলাকায় বেড়িবাঁধের ঢালে গাছ কেটে নতুন স্থাপনা নির্মাণের কাজ চলছে। সম্প্রতি এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলেও বন্ধ হয়নি নির্মাণকাজ।

 

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়া কার্যালয়ের কার্যসহকারী রিয়াজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি স্থাপনা নির্মাণকারীদের সঙ্গে যোগাযোগও করেন। তবে এরপরও নির্মাণকাজ অব্যাহত রয়েছে।

 

এতে পর্যটন ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পরিবেশ-সংবেদনশীল এলাকার সবুজ বনায়ন হুমকির মুখে পড়েছে। স্থানীয়ভাবে গড়ে ওঠা সবুজ বেষ্টনী ক্রমেই বিলীন হচ্ছে। পরিবেশসচেতন ব্যক্তিরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, বেড়িবাঁধের ঢালে গাছ কেটে স্থাপনা নির্মাণ পরিবেশের জন্য উদ্বেগজনক।

 

এর আগে বাঁধ পুনরাকৃতিকরণের সময় ঢালে থাকা বিভিন্ন স্থাপনা অপসারণে সরকারকে কোটি কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছিল। অথচ একই বাঁধের ঢালে আবারও নতুন করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এ জন্য গাছও কাটা হচ্ছে। বিষয়টি সাধারণ মানুষের মধ্যেও অসন্তোষ সৃষ্টি করেছে।

 

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, এসব স্থাপনা অপসারণে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:৪১:১৪ ● ১৯ বার পঠিত