বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তা দেখতে ঝালকাঠিতে ডিআইজি

হোম » ঝালকাঠী » দুর্গাপূজার নিরাপত্তা দেখতে ঝালকাঠিতে ডিআইজি
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬


 

দুর্গাপূজার নিরাপত্তা দেখতে ঝালকাঠিতে ডিআইজি

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

 

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন ও পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে ঝালকাঠির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দার। এ সময় তিনি পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

 

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ঝালকাঠি পৌর এলাকার আখড়াবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি। এ সময় তিনি পূজামণ্ডপের পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। দুর্গাপূজা চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার এবং যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান তিনি।

 

পরিদর্শনকালে ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বায়জীদ ইবনে আকবর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি নির্মল কুমার দে তরনী, সাধারণ সম্পাদক অলোক সাহাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৪১:১১ ● ১৪ বার পঠিত