বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬

কয়রা কামিল মাদ্রাসায় ৬ কর্মচারী নিয়োগ নিয়ে বিতর্ক, অর্থ লেনদেনের অভিযোগ

হোম » খুলনা » কয়রা কামিল মাদ্রাসায় ৬ কর্মচারী নিয়োগ নিয়ে বিতর্ক, অর্থ লেনদেনের অভিযোগ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬


 

কয়রা কামিল মাদ্রাসায় ৬ কর্মচারী নিয়োগ নিয়ে বিতর্ক, অর্থ লেনদেনের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রা উপজেলার উত্তরচক বহুমুখী কামিল মাদ্রাসায় ছয়জন কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, প্রশ্ন ফাঁস ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিল ও পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের দাবি জানিয়েছেন সচেতন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

 

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কয়রা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের উত্তরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

 

লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুদুর রহমান অনিয়মের মাধ্যমে ছয়জন কর্মচারীর নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছেন। পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে একটি অসাধু চক্র আর্থিক লেনদেনের মাধ্যমে অনৈতিক পন্থা অবলম্বন করেছে বলেও দাবি করেন তিনি।

 

তিনি জানান, এসব অভিযোগের বিষয়ে গত ৬ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

 

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নিয়োগ প্রক্রিয়ায় বিধিবহির্ভূতভাবে প্রতিনিধি নিয়োগ করে তড়িঘড়ি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন অভিযোগকারীরা।

 

লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন দাবি করেন, বায়েজিদ ইসলাম নামে এক প্রার্থীকে চাকরি দেওয়ার কথা বলে ১০ লাখ টাকার চুক্তি করা হয়। এর মধ্যে নগদ তিন লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একইভাবে শাহিন ইসলাম নামে আরেক ব্যক্তির কাছ থেকে চার লাখ টাকার চুক্তিতে দুই লাখ টাকা নেওয়ার অভিযোগও তোলেন তিনি।

 

এসব অভিযোগের পক্ষে প্রমাণাদি নিজের কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন আব্দুল্লাহ আল মামুন। তিনি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় নিয়োগ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

 

এদিকে, নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদে সচেতন এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উত্তরচক বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুদুর রহমান বলেন, ‘সব নিয়মকানুন মেনেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৭:০৫:৫২ ● ৪২ বার পঠিত