বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
কলাপাড়ায় লাথির আঘাতে গর্ভপাত, নবজাতকের মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় লাথির আঘাতে গর্ভপাত, নবজাতকের মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় অন্তঃসত্তা নারীকে মারধরের ঘটনায় গর্ভপাত ও নবজাতকের মৃত্যুর মামলার প্রধান আসামি মো. সোহাগ শিকদারকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮। মঙ্গলবার দিবাগত রাতে বরিশালের বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহাগ শিকদার কলাপাড়া উপজেলার চাকামইয়া গ্রামের মো. ফোরকান শিকদারের ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর অভিযুক্তরা লোহার রড, কাঠের চেরা ও ইট দিয়ে তানিয়া বেগম ও তাঁর স্বামীকে মারধর করেন। এতে তাঁরা গুরুতর আহত হন। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং তানিয়া বেগমকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগও রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মারধরের একপর্যায়ে আহত তানিয়া বেগমের সাত মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর গর্ভপাত হয়। পরে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর আগেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় তানিয়া বেগম বাদী হয়ে ২৮ সেপ্টেম্বর কলাপাড়া থানায় মামলা করেন। মামলায় সোহাগ শিকদারসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়। মামলা হওয়ার পর প্রধান আসামিসহ অন্য অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যান।
এসআরবি-৮-এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও বরিশালের সদর কোম্পানির যৌথ অভিযানিক দল সোহাগ শিকদারকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশালের বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।
বাংলাদেশ সময়: ১৫:৪৫:৪৬ ● ২৪ বার পঠিত
