বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
আগৈলঝাড়ায় ৩৩ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান
হোম » লিড নিউজ » আগৈলঝাড়ায় ৩৩ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান
![]()
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৩টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। দীর্ঘদিন ধরে এসব পদে নিয়োগ না হওয়ায় বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হওয়ায় শ্রেণিকক্ষে পাঠদানের ওপরও প্রভাব পড়ছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নিয়োগ ও পদোন্নতির অভাব এবং অবসরজনিত কারণে বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের পদ শূন্য হয়েছে। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের দাপ্তরিক কাজ সম্পন্ন করা এবং শিক্ষা অফিসের সভায় অংশ নিতে গিয়ে শ্রেণিকক্ষের বাইরে থাকতে হচ্ছে। এতে নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি অন্য শিক্ষকদের ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে।
সংশ্লিষ্ট শিক্ষকেরা জানান, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম তদারকি ও পাঠদানের সমন্বয় ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায়। প্রাথমিক স্তরেই শিশুদের শিক্ষার ভিত্তি গড়ে ওঠে। এ পর্যায়ে পাঠদানে ঘাটতি তৈরি হলে তাদের শেখার আগ্রহ ও শিক্ষার ভিত্তি দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিভাবকদের অভিযোগ, শিক্ষক থাকলেও প্রশাসনিক দায়িত্বের বাড়তি চাপে শিক্ষার্থীরা প্রত্যাশিত মনোযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে শিশুদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই দ্রুত শূন্য পদগুলো পূরণ করে বিদ্যালয়গুলোতে স্বাভাবিক পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁরা।
আগৈলঝাড়া উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মন্নান মিয়া সাগরকন্যাকে বলেন, উপজেলার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৩টিতে প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষা কার্যক্রম তদারকিতে সমস্যা হচ্ছে। পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বিষয়টি নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। দ্রুত শূন্য পদ পূরণের মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৪:৫৬:৫৫ ● ১৬ বার পঠিত
