মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬

পিরোজপুরে পোল্ট্রি খামারে আগুন, নাশকতার সন্দেহ

হোম » পিরোজপুর » পিরোজপুরে পোল্ট্রি খামারে আগুন, নাশকতার সন্দেহ
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬


 

পিরোজপুরে পোল্ট্রি খামারে আগুন, নাশকতার সন্দেহ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুর পৌরসভার নরখালী এলাকায় একটি পোল্ট্রি খামারে অগ্নিকাণ্ডে ১ হাজার ৭২০টি মুরগি ও খামারের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে খামার কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন খামারমালিকের ভগ্নিপতি শামসুল আলম শেখ।

 

অভিযোগ সূত্রে জানা যায়, নরখালী এলাকার বাসিন্দা হৃদয় আহম্মেদ রাজু খুলনায় থাকায় তাঁর পোল্ট্রি খামারটি দেখাশোনা করেন ভগ্নিপতি শামসুল আলম। ঘটনার রাতে কর্মচারীদের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। পরে স্থানীয় লোকজন ও কর্মচারীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 

শামসুল আলমের দাবি, আগুনে খামারের ১ হাজার ৭২০টি মুরগি ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। কেউ খামারটিতে আগুন লাগিয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১:৫৫:০৫ ● ২৮ বার পঠিত