সোমবার ● ১২ অক্টোবর ২০২৬

ভান্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ

হোম » পিরোজপুর » ভান্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬


 

ভান্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের ভান্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ উঠেছে। নিয়োগ পাওয়া কয়েকজনের মধ্যে ছাত্রদল ও বিএনপির পদধারী নেতা রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের ব্যবসায়ী পরিচয় নিয়েও প্রশ্ন আছে।

 

সরকারি ওয়েবসাইটে প্রকাশিত সার ডিলারের তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। তালিকায় ভান্ডারিয়া পৌরসভার মেসার্স আরমান এন্টারপ্রাইজ ছাড়া অন্য ডিলারদের মধ্যে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাদের নাম রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

তালিকায় তেলিখালী ইউনিয়নের আজাদী করপোরেশনের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নাম রয়েছে। গৌরীপুর ইউনিয়নে বিএনপি নেতা নাছির হাওলাদার, ভিটাবাড়িয়া ইউনিয়নে মেসার্স মাইশা এন্টারপ্রাইজের মালিক মো. আল আমীন এবং ধাওয়া ইউনিয়নে মেসার্স একতা স্টোরের মালিক মো. হাবিবুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া হাওলাদার ট্রেডার্সের মালিক মো. মাইনুল হাওলাদার এবং ইকড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের নামও ডিলার নিয়োগের তালিকায় রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সার ডিলার নিয়োগের জন্য মোট ৩৪টি আবেদন জমা পড়ে। উপজেলা সার ডিলার নিয়োগ কমিটি যাচাই-বাছাই শেষে প্রতিটি ইউনিয়নের জন্য তিনজন করে আবেদনকারীর নাম জেলা কমিটির কাছে সুপারিশ করে পাঠায়। উপজেলা কমিটির সূত্র জানায়, জেলা কমিটি ওই তালিকা থেকে ডিলার নিয়োগ দিয়েছে।

 

তবে সরকারি বিধিবিধান অনুসরণ করে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না, তা নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে।

 

ভান্ডারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, উপজেলা বাছাই কমিটি জেলা কমিটির কাছে তিনজন করে আবেদনকারীর নাম সুপারিশ করেছে। জেলা কমিটি ডিলার নিয়োগ দিয়েছে। নিয়োগের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে কোনো কাগজপত্র তাঁর দপ্তরে আসেনি বলেও জানান তিনি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, উপজেলা কমিটি কাগজপত্র যাচাই করে জেলা কমিটির কাছে পাঠিয়েছে। জেলা কমিটি কাদের নিয়োগ দিয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন। কে কোন দলের, তা তাঁদের বিবেচ্য বিষয় নয়। সরকারি বিধি অনুযায়ী তিনজনের নাম সুপারিশ করে পাঠানো হয়েছিল বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:২৩:৫৪ ● ২৪ বার পঠিত