বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
ভাণ্ডারিয়ায় ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক, ট্রাক জব্দ
হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক, ট্রাক জব্দ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আনা বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ভাণ্ডারিয়া-কাঠালিয়া সড়কের আমানউল্লাহ কলেজের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা এলাকার মো. বাকী বিল্লাহ সিকদার (৫৫), বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চরকালেখা এলাকার মো. শামীম বেপারী (৪৫) এবং শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কুলকুড়ি এলাকার মো. সিয়াম সরদার (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি ট্রাকে করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবি পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হলে এসব পণ্য পাওয়া যায়।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ২৬ হাজার টাকা।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবি বহনকারী একটি ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ২৬ হাজার টাকা। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:০৩:১৮ ● ১২ বার পঠিত
