বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
আমতলীতে আদালতের রায় অমান্য করে জমি চাষ, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি
হোম » বরগুনা » আমতলীতে আদালতের রায় অমান্য করে জমি চাষ, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনায় আমতলীতে আদালতের রায় অমান্য করে ৯ একর ৭৬ শতাংশ জমি চাষাবাদের অভিযোগ উঠেছে হারুন মুসুল্লী, আমজেদ খাঁন ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। চাষাবাদে বাধা দেওয়ায় জমির মালিক দাবিদার মামুন প্যাদাকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় বুধবার রাতে আমতলী থানায় সাধারণ ডায়েরি করেছেন মামুন প্যাদা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাষাবাদ বন্ধ করে দেয়।
মামুন প্যাদা ও তাঁর ওয়ারিশদের দাবি, নিলাম খরিদসূত্রে এবং আদালতের রায়ের মাধ্যমে তাঁরা চাউলা গ্রামের ৯ একর ৭৬ শতাংশ জমির মালিক। দীর্ঘদিন ধরে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন।
মামুন প্যাদা জানান, ২০২০ সালে প্রতিবেশী হারুন মুসুল্লী, আমজেদ খাঁন ও তাঁদের সহযোগীরা ওই জমি নিজেদের দাবি করে জোরপূর্বক চাষাবাদ শুরু করেন। এ নিয়ে ওই বছর আমতলী সহকারী জজ আদালতে মামলা করেন তিনি ও তাঁর ওয়ারিশরা। ২০২২ সালের ২৯ মে আদালত মামুন প্যাদা ও তাঁর ওয়ারিশদের পক্ষে রায় দেন।
মামুন প্যাদার অভিযোগ, বুধবার তিনি জমিতে চাষাবাদ করতে গেলে হারুন মুসুল্লী, আমজেদ খাঁন ও তাঁদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে তাঁকে ধাওয়া করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় আত্মগোপনে রয়েছেন বলে জানান।
তিনি আরও অভিযোগ করেন, আদালতের রায় অমান্য করে বৃহস্পতিবার হারুন মুসুল্লী ও আমজেদ খাঁনের লোকজন ওই জমিতে চাষাবাদ শুরু করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে চাষাবাদ বন্ধ করে দেয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে আমজেদ খাঁন বলেন, ‘৯ একর ৭৬ শতাংশ জমি আমরা প্রায় ৬০ বছর ধরে ভোগদখল করে আসছি। মামুন প্যাদা জোরপূর্বক ওই জমি চাষাবাদ করছেন। এ বছর তাঁকে জমি চাষাবাদ করতে দিইনি।’
তিনি বলেন, ওই জমিতে ৩৫ জন অংশীদার রয়েছেন। তাঁর অংশ মাত্র ২০ শতাংশ। এ বিষয়ে তিনি আর বেশি কিছু বলতে চান না।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে চাষাবাদের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৩৩:৫০ ● ১৪ বার পঠিত
