বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় ইলিশ আমদানি বন্ধ
হোম » জেলে-মৎস্য » বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় ইলিশ আমদানি বন্ধ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
অনাপত্তি সনদ বা এনওসি বাতিল করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় ইলিশ আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার থেকে ভারতীয় ইলিশের কোনো চালান বাংলাদেশে আসেনি বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের মৎস্য পরিদর্শক আস ওয়াদুল আলম।
মৎস্য পরিদর্শক জানান, বাংলাদেশ মৎস্য অধিদপ্তর ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর করেছে। এর ফলে ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।
মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে গত ২২ সেপ্টেম্বর ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এরপর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে।
বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, ভারতীয় কর্তৃপক্ষ ইলিশ রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা দেয়নি। তবে বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের একটি চিঠিতে বেশ কয়েকটি অনাপত্তি সনদ বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্তের কারণে ইলিশ আমদানি বন্ধ রয়েছে। তবে অন্যান্য সাদা মাছের আমদানি সচল থাকবে।
ইলিশ আমদানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
বাংলাদেশ সময়: ১৭:৫৮:২০ ● ২৪ বার পঠিত
