বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
মনপুরার মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০ জেলে
হোম » জেলে-মৎস্য » মনপুরার মেঘনায় জাল পাতা নিয়ে ৪ ট্রলারে সংঘর্ষ, আহত ১০ জেলে
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরায় মেঘনা নদীতে মাছ ধরার জাল পাতা নিয়ে চারটি জেলে ট্রলারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জেলে আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার রাত ১২টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত জেলেরা হলেন রসিদ মোল্লা, নাহিদ, দুলু কাজী ও ইদ্রিস আলী মাঝি। তাঁদের বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন গ্রামে। অপর আহত পাঁচ জেলে ফারুক কোম্পানি ও হারুন সাঝির মৎস্য আড়তের ট্রলারে ছিলেন।
আহত জেলে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, জংলারখাল মৎস্যঘাটের আড়তদার ওবায়দুলের আড়তে মাছ দেওয়া রসিদ মোল্লার ট্রলারটি জংলারখাল সংলগ্ন মেঘনায় মাছ ধরার জন্য জাল ফেলছিল। এ সময় ফারুক কোম্পানির আড়তের দুটি ট্রলার ও হারুন সাঝির আড়তের একটি ট্রলারের জেলেরা জাল ফেলতে বাধা দেন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে গড়ায়। এতে রসিদ মোল্লার ট্রলারে থাকা পাঁচ জেলেসহ চারটি ট্রলারের মোট ১০ জেলে আহত হন। আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর পাঁচজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
জংলারখাল মৎস্যঘাটের আড়তদার ওবায়দুল বলেন, মেঘনায় জাল পাতা নিয়ে সংঘর্ষের ঘটনায় তাঁর আড়তে মাছ দেওয়া চাঁদপুরের জেলে রসিদ মোল্লাসহ ট্রলারে থাকা পাঁচ জেলেকে মারধর করে আহত করা হয়েছে।
তবে মৎস্য আড়তদার ফারুক কোম্পানি ও হারুন সাঝি বলেন, মেঘনায় মাছ শিকারের সময় সংঘর্ষে ১০ জেলে আহত হয়েছেন। বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে সমাধান করা হবে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪:২২:৩৮ ● ২৪ বার পঠিত
