বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
কয়রায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ ৩ জন গ্রেপ্তার
হোম » খুলনা » কয়রায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ ৩ জন গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রায় নাশকতার প্রস্তুতির অভিযোগে দায়ের করা মামলায় ইউপি সদস্যসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চাঁদআলী ব্রিজ এলাকা ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রা ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান কহিনুর (৪৫), মো. আজহারুল ইসলাম (৪০) ও জহির উদ্দীন সরদার (৫৩)।
মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামের মো. সহিদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৬০ থেকে ১৭০ জনকে আসামি করা হয়েছে।
কয়রা থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর রাতে উপজেলার পল্লী বিদ্যুৎ সাবস্টেশন দখল করে জনসাধারণের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় নাশকতা ও ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চাঁদআলী ব্রিজ এলাকায় জড়ো হন।
এ সময় বাদী মো. সহিদ হোসেন কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে সেখানে জড়ো হতে দেখেন। পরে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, চাঁদআলী ব্রিজ এলাকায় জড়ো হওয়ার কারণ জানতে চাইলে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, সংগ্রাম মোড়ের পল্লী বিদ্যুতের সাবস্টেশন ধ্বংস করে জনজীবনে বিদ্যুৎ বিভ্রাট ঘটানোর উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন। এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, তারা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার কর্মসূচি বাস্তবায়নের জন্য এ ধরনের কর্মকাণ্ডের প্রস্তুতি নিয়েছিলেন।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, ‘কয়রায় নাশকতার প্রস্তুতির অভিযোগের মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’
বাংলাদেশ সময়: ২০:০৭:১৩ ● ২১ বার পঠিত
