বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
আমতলীতে ৪৪ বছরের ছয় অবৈধ স্থাপনা উচ্ছেদ, আতঙ্কে সহস্রাধিক দখলকারী
হোম » বরগুনা » আমতলীতে ৪৪ বছরের ছয় অবৈধ স্থাপনা উচ্ছেদ, আতঙ্কে সহস্রাধিক দখলকারী
![]()
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনা আমতলী পৌর শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা পরিষদের জমিতে নির্মিত ছয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা পরিষদ কর্তৃপক্ষ ভেকু মেশিন দিয়ে স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়ে জমি দখলমুক্ত করে।
জেলা পরিষদের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় আমতলী পৌর শহরে সহস্রাধিক দখলকারীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
জানা গেছে, ১৯৮২ সালে আমতলী উপজেলা পরিষদ গঠনের পর থেকে পর্যায়ক্রমে পৌর শহরের বিভিন্ন এলাকায় জেলা পরিষদের জমি দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। জেলা পরিষদ কর্তৃপক্ষের দাবি, গত ৪৪ বছর ধরে প্রভাবশালী ব্যক্তিরা এসব জমি দখল করে রেখেছেন। দীর্ঘদিনেও তাদের উচ্ছেদ করা সম্ভব হয়নি।
বুধবার আমতলী জেলা পরিষদ ডাকবাংলোর সামনে অভিযান চালিয়ে রনজিত মোক্তার, আব্দুল গনি লাল মিয়া মোক্তার, সাংবাদিক হারুন অর রশিদ, মরহুম মোহন খলিফা, শ্যামল দাস ও মরহুম আবুল বাশারের স্থাপনা উচ্ছেদ করা হয়।
ব্যবসায়ী শ্যামল দাস বলেন, ‘জেলা পরিষদের জমি বৈধভাবেই খাজনা পরিশোধ করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিলাম। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পরিষদ কর্তৃপক্ষ আমাকে নোটিশ দেয়। বুধবার এসেই আমারসহ ছয়টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দোকানের মালামালও সরানোর সুযোগ পাইনি। জেলা পরিষদ কর্তৃপক্ষ আমাদের সঙ্গে অন্যায় আচরণ করেছে।’
বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বলেন, ‘জেলা পরিষদ ডাকবাংলোর সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি দখলমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে জেলা পরিষদের সব জমি দখলমুক্ত করা হবে।’
তিনি আরও বলেন, জমি দখলমুক্ত করতে স্থাপনা নির্মাণকারীদের গত ২০ সেপ্টেম্বর নোটিশ দেওয়া হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৯:০৯:৩৩ ● ২৫ বার পঠিত
