বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

হোম » ঢাকা » গোপালগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬


 

গোপালগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর ওপর সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১টায় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

 

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন প্রশিক্ষণ কক্ষ, আধুনিক যন্ত্রপাতি ও শিক্ষা কার্যক্রম সরেজমিনে দেখেন।

 

মো. নুরুল হক নুর বলেন, ‘বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের যুবসমাজকে প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। একজন দক্ষ কর্মী বিদেশে পাঠাতে পারলে তিনি যেমন নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন, তেমনি দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখতে পারেন।’

 

তিনি আরও বলেন, দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং নতুন নতুন কর্মমুখী ট্রেড চালুর বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে।

 

গোপালগঞ্জের এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে যাতে বিদেশগামী কর্মীরা সঠিক ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

 

পরিদর্শনকালে জেলা প্রশাসক আরিফ-উজ-জ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, টিটিসির অধ্যক্ষ এবং গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৮:২৫ ● ২৫ বার পঠিত