বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন যুবদল সম্পাদক নয়ন
হোম » ভোলা » জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন যুবদল সম্পাদক নয়ন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
বুধবার প্রথম প্রহরে রাত ২টায় তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। যুবদলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা ও সদস্যসচিব হাফেজ আবদুর রহিম।
জানা গেছে, এমপি নয়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র যুবদলের কর্মীসভা ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মসূচিতেও অংশ নেবেন।
এ ছাড়া নিরাপদ যাত্রা ও দেশে ফিরে আসার জন্য জাতীয়তাবাদী যুবদলের সর্বস্তরের নেতাকর্মী, ভোলার চরফ্যাশন-মনপুরার জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এমপি নয়ন।
এ বিষয়ে মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কামাল উদ্দিন বলেন, ‘জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন এমপি নুরুল ইসলাম নয়ন। তিনি মনপুরা-চরফ্যাশনের মানুষের দোয়া চেয়েছেন।’
বাংলাদেশ সময়: ৯:১৬:১০ ● ১৬ বার পঠিত
