মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬
গৌরনদীতে উপজেলা প্রশাসনের কাছে চার মাদক বিক্রেতার আত্মসমর্পণ
হোম » বরিশাল » গৌরনদীতে উপজেলা প্রশাসনের কাছে চার মাদক বিক্রেতার আত্মসমর্পণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের কাছে চার মাদক বিক্রেতা আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই হাটস্থ ঘোষের হাটে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন।
আত্মসমর্পণকারীরা হলেন খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব বাকাই গ্রামের মিলন সরদার ও তাঁর স্ত্রী পুতুল বেগম, একই গ্রামের আসলাম সরদার এবং পূর্ব সমরসিংহ গ্রামের ফরিদ বেপারী। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
খাঞ্জাপুর ইউনিয়ন মাদক নির্মূল পরিষদের সভাপতি একেএম মাইনুদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক হাসান রাসেল এবং উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান।
বক্তব্য দেন খাঞ্জাপুর ইউনিয়ন মাদক নির্মূল পরিষদের সাধারণ সম্পাদক ইমরান হোসেন জনি, আত্মসমর্পণকারী মিলন সরদার, ফরিদ বেপারী ও আসলাম সরদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির সরদার এবং ইউপি সদস্য মোহাম্মদ আরী প্রমুখ।
আত্মসমর্পণকারীরা বলেন, ‘অনেকবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেছিলাম। কিন্তু পুলিশের হয়রানির কারণে আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পেয়েছি।’
এ জন্য উপজেলা প্রশাসন ও মাদক নির্মূল কমিটির প্রতি তাঁরা কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ সময়: ২১:৫৫:২৫ ● ২৩ বার পঠিত
