মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬
রাজউকের অভিযানে ৪ ভবনে উচ্ছেদ, ১১ বৈদ্যুতিক মিটার জব্দ; জরিমানা ৩ লাখ
হোম » লিড নিউজ » রাজউকের অভিযানে ৪ ভবনে উচ্ছেদ, ১১ বৈদ্যুতিক মিটার জব্দ; জরিমানা ৩ লাখ
![]()
সাগরকন্যা প্রতিবেদক
রাজধানীর শ্যামপুরের দোলাইপাড় ও জুরাইন এলাকায় নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগে চারটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে বিভিন্ন ব্যত্যয়কৃত অংশ অপসারণ, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ও ১১টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। এ সময় এক ভবন মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রাজউকের জোন-৭/১-এর আওতাধীন দোলাইপাড়, জুরাইন ও শ্যামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান ও অথরাইজড অফিসার মো. ইলিয়াসের যৌথ তত্ত্বাবধানে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে অংশ নেন।
অভিযানে পশ্চিম দোলাইপাড় হাই স্কুলের পেছনের ৮৩/৮৪ নম্বর ঠিকানায় ভবন মালিক মো. স্বপন (মো. শহিদুর রহমান)-এর অনুমোদিত নির্মাণাধীন আটতলা ভবনের পূর্ব ও পশ্চিম পাশের ব্যত্যয়কৃত ক্যান্টিলিভার আংশিক ভেঙে অপসারণ করা হয়। একই সঙ্গে ভবনটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে একটি বৈদ্যুতিক নির্মাণ মিটার জব্দ করা হয়।
পশ্চিম দোলাইপাড় হাই স্কুল রোডের ২৯ নম্বর ঠিকানায় ভবন মালিক শরীফ পাঠানের অনুমোদনবিহীন নির্মাণাধীন নয়তলা ভবনেও অভিযান চালানো হয়। এ সময় ভবনের পূর্ব পাশের ব্যত্যয়কৃত ক্যান্টিলিভার আংশিক ভেঙে অপসারণ করা হয়। পাশাপাশি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে নয়টি আবাসিক বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। এ ঘটনায় ভবন মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ নিজ দায়িত্বে ভেঙে অপসারণ করবেন মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামাও নেওয়া হয়।
পশ্চিম দোলাইপাড়ের ৩৯ নম্বর ঠিকানায় ভবন মালিক মো. ইসমাইল হোসেনের অনুমোদিত নির্মাণাধীন সাততলা ভবনের দক্ষিণ পাশের ব্যত্যয়কৃত বাউন্ডারি ওয়াল এবং কলামের রড কেটে ও ভেঙে অপসারণ করা হয়।
অন্যদিকে, পশ্চিম দোলাইপাড়ের শান্তি নিবাসের গলির ৬৬/৩ নম্বর ঠিকানায় ভবন মালিক মো. হাবীবুর রহমান গংয়ের অনুমোদনবিহীন নির্মাণাধীন ছয়তলা ভবনে অভিযান চালানো হয়। এ সময় ভবনটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে একটি বৈদ্যুতিক নির্মাণ মিটার জব্দ করা হয়।
রাজউক সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশার ব্যত্যয় রোধ এবং নির্মাণবিধি বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯:১১:৪৭ ● ২১ বার পঠিত
