মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ, ভর্তুকির দাবি কুয়াকাটা-মহিপুরের জেলেদের

হোম » জেলে-মৎস্য » জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ, ভর্তুকির দাবি কুয়াকাটা-মহিপুরের জেলেদের
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬


 

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ, ভর্তুকির দাবি কুয়াকাটা-মহিপুরের জেলেদের

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় পটুয়াখালীর মহিপুর-আলীপুর ও কুয়াকাটার জেলে এবং মৎস্য ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা জ্বালানি তেলের দাম কমিয়ে সহনীয় পর্যায়ে আনা অথবা জেলেদের জন্য ভর্তুকির দাবি জানিয়েছেন।

 

পটুয়াখালীর বৃহৎ মৎস্যবন্দর মহিপুর ও আলীপুরে বছরজুড়েই ইলিশের সংকট ছিল। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় লোকসানে রয়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। এর মধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে তাদের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে বলে ক্ষোভে জানিয়েছেন।

 

মহিপুরের ট্রলারমাঝি সুলতান বলেন, ‘ধারদেনায় জর্জরিত হয়ে পড়েছি। এর মধ্যে হঠাৎ করে জ্বালানি তেলের দাম বেড়েছে। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বেড়েছে। এটি জেলেদের জন্য মরার ওপর খাঁড়ার ঘা।’

 

আলীপুরের জেলে সোবাহান বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে মাছ আহরণ, পরিবহন ও সংরক্ষণে খরচ বাড়বে। এতে মৎস্য খাতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই তেলের দাম কমিয়ে সহনীয় পর্যায়ে রাখা অথবা জেলেদের জন্য ভর্তুকির ব্যবস্থা করা দরকার।

 

জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৭০ হাজার। এর বাইরে অনিবন্ধিত জেলের সংখ্যা অর্ধলক্ষের বেশি।

 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, জেলেদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৪:১১ ● ২০ বার পঠিত