সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬

বানারীপাড়ায় বিস্ফোরক ও অগ্নিসংযোগ মামলায় আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

হোম » বরিশাল » বানারীপাড়ায় বিস্ফোরক ও অগ্নিসংযোগ মামলায় আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬


 

বানারীপাড়ায় বিস্ফোরক ও অগ্নিসংযোগ মামলায় আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

সাগরকন্যা প্রতিবেদক, বানারীপাড়া (বরিশাল)

 

বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার দায়ের করা বিস্ফোরক ও অগ্নিসংযোগের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

এর আগে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক শেখ ফারুক হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে আগামী ৩০ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করেন এবং তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সলিয়াবাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মো. ফারুক সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহিদ হোসেন সরদার, ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনির বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মহসিন ফকির, বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গির হোসেন বেপারী, সৈয়দকাঠী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রিপন বড়াল, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল মাল এবং বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী সুমন পোদ্দার।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বাইশারী ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল গত ২১ জুন বানারীপাড়া থানায় মামলাটি করেন। তার অভিযোগ, বাড়িতে বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করা হয়েছে।

 

মামলার বাদী রাসেল পেশায় অটোরিকশাচালক। মামলায় বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

 

কারাগারে পাঠানো ১০ জনই মামলার এজাহারনামীয় আসামি। মামলার আসামিদের মধ্যে উপজেলা বিএনপির সহসভাপতি সালেক মল্লিক শিমুলের নামও রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৬:০০ ● ২৪ বার পঠিত