সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের প্রলোভনে নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে মামলা
হোম » বরগুনা » বিয়ের প্রলোভনে নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে মামলা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে বিয়ে করতে অস্বীকৃতির অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী ওই নারী বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি মামলাটি গ্রহণ করে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
মামলার আসামি হলেন তালতলী উপজেলার ছোট তালতলী গ্রামের মৃত মো. চান মিয়ার ছেলে মো. বারি আজাদ বারেক (৪৫)।
মামলার অভিযোগে ওই নারী উল্লেখ করেন, প্রায় ১০ বছর আগে তার তালাক হয়। এরপর থেকে প্রতিবেশী হিসেবে আসামি বিভিন্ন সময় তার ঘরে যাতায়াত করতেন এবং তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। প্রথমদিকে তিনি এতে রাজি হননি। একপর্যায়ে আসামি তাকে বিয়ের প্রস্তাব দেন। বিয়ের আশ্বাসে তিনি ওই প্রস্তাবে সাড়া দেন।
অভিযোগে আরও বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি বিভিন্ন সময় ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে আসামি ‘আজ-কাল’ করে সময়ক্ষেপণ করতে থাকেন।
মামলার বাদীর অভিযোগ, সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে আসামি তার ঘরে যান। আগের মতো শারীরিক সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করলে ওই নারী স্পষ্টভাবে জানান, বিয়ে না করলে তিনি আর কোনো সম্পর্কে জড়াবেন না। এতে আসামি ক্ষিপ্ত হয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী নারীর অভিযোগ, তিনি অসহায় অবস্থায় আসামির বিয়ের প্রস্তাবে রাজি হয়েছিলেন এবং তাকে বিশ্বাস করেছিলেন। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আসামি বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সর্বশেষ ঘটনায় জোরপূর্বক শারীরিক সম্পর্কের পর আসামি তাকে বিয়ে করবেন না বলে চলে যান।
ঘটনার পর তিনি বিষয়টি স্বজন ও প্রতিবেশীদের জানান এবং পরে আদালতে মামলা করেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মো. বারি আজাদ বারেকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৫:১৭:৪০ ● ৩২ বার পঠিত
